বিস্ময় বালক সূর্যবংশীর জন্য ‘লারার পথ’ ধরার পরামর্শ

বিস্ময় শব্দটিকে যেন প্রতিনিয়ত নতুন নতুন মাত্রা দিচ্ছেন বৈভব সূর্যবংশী। অবিশ্বাস ব্যাটিংয়ের নতুন নতুন অধ্যায় যোগ করে তিনি লিখে চলেছেন নিজের গল্প। বাঁহাতি এই কিশোরের উড়ন্ত পথচলায় স্বাভাবিকভাবেই আসছে জাতীয় দলে সুযোগ দেওয়ার আলোচনা। 

তবে এখনই তার আন্তর্জাতিক অভিষেকের পক্ষে নন কার্লোস ব্রাথওয়েট। বরং ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার মতো করে সূর্যবংশীকে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই তারকা।

আইপিএলের গত আসরে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সূর্যবংশী। সেবার মাত্র ৭ ম্যাচে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।

প্রথম আসর হিসেবে অনেকেই সেটিকে ধরে নিয়েছিলেন এক মৌসুমের চমক। তবে সেই ধারাবাহিকতা সূর্যবংশী ধরে রেখেছেন এবারের আইপিএলেও। এরই মধ্যে ৮ ইনিংসে ২৩৪.৮৬ স্ট্রাইক রেটে তিনি করে ফেলেছেন ৩৫৭ রান।

শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছেন সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে তার সেঞ্চুরি এখন ২টি। আর সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি ৪টি।

মাত্র ২৬ ইনিংসে ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি করে সূর্যবংশীই সবচেয়ে দ্রুততম। এত দিন এই রেকর্ডটি ছিল পাকিস্তানের উসমান খানের। প্রথম ৪ সেঞ্চুরি করতে ৩৩ ইনিংস লেগেছিল তার। 

দুরন্ত এই ব্যাটিংয়ে এর মধ্যে আলোচনায় এসেছে, আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে পারেন সূর্যবংশী। এর বিপক্ষে নন ব্রাথওয়েট। তবে এখনই অভিষেকের পক্ষে নন তিনি। বরং ব্রায়ান লারার মতোই, জাতীয় দলের সঙ্গে রেখে সূর্যবংশীকে তৈরি করার পরামর্শ ব্রাথওয়েটের।

ইএসপিএনক্রিকইনফোর আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।

“আমি দুঃখিত, বৈভব। তবে আপনি যদি দেখেন ব্রায়ান লারাকে ওয়েস্ট ইন্ডিজ দল কীভাবে সামলেছিল। তিনি ছিলেন এক প্রজন্মের সেরা প্রতিভা- এটা সবাই জানত। তারপর তারা তাকে নিয়ে কী করেছিল?”  

“তারা তাকে ভিভ রিচার্ডসের মতো সিনিয়রদের সঙ্গে দলে রেখেছিল, তবে তখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলায় নামায়নি। তখন সময়টা ভিন্ন ছিল- অনেক ট্যুর ম্যাচ হতো। আন্তর্জাতিক অভিষেকের আগে সে (লারা) সিনিয়রদের সঙ্গে খেলতে খেলতে নিজেকে তৈরি করে নিয়েছিল। এরপর অভিষেকের পর তার ক্যারিয়ার কীভাবে গড়িয়েছে, তা তো আমরা সবাই জানি।”

তাই সূর্যবংশীকেও তারকা ক্রিকেটারদের সঙ্গে রেখে প্রস্তুত করার পরামর্শ ব্রাথওয়েটের।

“তাই হয়তো দুই দিকই মিলিয়ে একটা সেরা পথ হতে পারে। যেখানে তাকে ভারত জাতীয় ক্রিকেট দলের সঙ্গে রাখা যায়, যেন সে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের কাছ থেকে শিখতে পারে। তার কাছাকাছি বয়সী তরুণ খেলোয়াড়রাও আছে, যাদের কাছ থেকেও সে শিখতে পারবে, সরাসরি তাকে গভীর জলে ঠেলে দেওয়ার আগে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *