
দীর্ঘ আর ক্লান্তিকর মৌসুমের অন্তিমলগ্নে এসে পৌঁছেছে আর্সেনাল। পা ফসকালেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে মিকেল আরতেতার দলকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মহারণ আর ঘরোয়া লিগের শিরোপা লড়াই—দুটি বড় ফ্রন্টে সমান্তরাল লড়াই চালানো গানার্সদের জন্য বড় চ্যালেঞ্জই বটে।
আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের মুখোমুখি হবে আর্সেনাল। লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে হলে পুরো তিন পয়েন্ট অর্জনের কোনো বিকল্প নেই তাদের। ৩৪ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তাতে লিগের শেষ অংশে প্রতিটি ম্যাচই এখন রূপ নিয়েছে অলিখিত ‘ফাইনালে’।
ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে ইতিহাসের দিকে তাকালে আর্সেনাল কিছুটা হলেও নির্ভার থাকতে পারে। বর্তমানে পয়েন্ট টেবিলে ১০ নম্বরে অবস্থান করা দলটি আরতেতার দলকে হারাতে হলে ১৪০ বছরের ইতিহাস বদলাতে হবে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আজ ফুলহ্যামের কাছে হারলেই ১৪০ বছরের দীর্ঘ এক অপরাজিত থাকার যাত্রা শেষ হবে গানার্সদের। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে নিজেদের দূর্গে কখনোই ফুলহ্যামের বিপক্ষে হারতে হয়নি তাদের।
আর্সেনাল প্রতিষ্ঠিত হয়েছে ১৮৮৬ সালে। এখন পর্যন্ত আর্সেনালের মাঠে ৩৩টি অ্যাওয়ে ম্যাচ খেলেছে ফুলহ্যাম, যার একটিতেও জয়ের মুখ দেখেনি তারা। ১৯০৪ সালে উলউইচে ক্লাব দুটির প্রথম লড়াই থেকে আজ অবধি এই চিত্র বদলায়নি। ইংলিশ ফুটবলের ইতিহাসে কোনো ক্লাবের টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর একটিও নেই। অর্থাৎ, ‘দ্য কটেজার্স’দের বিপক্ষে গানার্সদের এই হোম রেকর্ডটি ১৪০ বছরের ফুটবল ইতিহাসে এক অনন্য কীর্তি।
আর্সেনাল কি তাদের নিজেদের মাঠে আর কোন দলের বিপক্ষে এত বেশি ম্যাচ অপরাজিত আছে ? তালিকাটি কিন্তু খুব একটা দীর্ঘ নয়। পরিসংখ্যান বলছে, ফুলহ্যামই একমাত্র দল যাদের বিপক্ষে কোনো হার ছাড়াই ঘরের মাঠে এত বিশাল সংখ্যক ম্যাচ খেলেছে আর্সেনাল। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রিমসবি টাউন শেষবার গানার্সদের মুখোমুখি হয়েছিল প্রায় ২৫ বছর আগে; আর তার আগের লড়াইটি ছিল দীর্ঘ ৭৮ বছর আগে।
যদিও সাম্প্রতিক সময়ে ফুলহ্যাম কিন্তু আর্সেনালকে বেশ ভালোই ভুগিয়েছে। এমিরেটসে তাদের শেষ চারটি সফরের দুটিতেই ড্র নিয়ে ফিরেছে তারা। এমনকি ২০২৩ সালের থার্টিফার্স্ট নাইটে ক্রাভেন কটেজে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল তারা।
প্রিমিয়ার লিগ জয়ে আর্সেনালের সঙ্গে সমানতালে লড়ে যাওয়া ম্যানচেস্টার সিটি মাঠে নামবে আগামী সোমবার রাতে। এভারটনের নতুন স্টেডিয়াম ব্রামলি-মুর ডকে এটাই হবে পেপ গার্দিওলার দলের প্রথম সফর। সিটিজেনদের হাতে দুটি ম্যাচ বেশি থাকলেও, আর্সেনালের সামনে সুযোগ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়ে সিটিকে প্রবল চাপে রাখা।