মেসি ম্যাজিকের পর অবিশ্বাস্য ধসে ডুবল মায়ামি

ইন্টার মায়ামির হয়ে শততম ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলের বড় লিড নিয়ে সমর্থকদের উৎসবের উপলক্ষও তৈরি করেছিল তারা। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি অরল্যান্ডো সিটি।

মেজর লিগ সকারে আজ ভোরে হওয়া ম্যাচে মায়ামিকে স্তব্ধ করে ৪-৩ ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে অরল্যান্ডো। এই হারের ফলে নিজেদের নতুন ভেন্যু নু স্টেডিয়ামে টানা চার ম্যাচ জয়হীন রইল মায়ামি।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইন্টার মায়ামির। মাত্র চার মিনিটের মাথায় ইয়ান ফ্রের গোলে এগিয়ে যায় তারা। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। ২৫ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণভাবে এগিয়ে গিয়ে লুইস সুয়ারেজকে পাস দেন মেসি। সুয়ারেজ ফিরতি পাসে বক্সের ভেতর বল বাড়ান মেসিকে। আর্জেন্টাইন তারকার নিখুঁত পাসে ব্যবধান দ্বিগুণ করেন তেলাসকো সেগোভিয়া। 

৩৩ মিনিটে এবার নিজেই গোলের খাতায় নাম লেখান মেসি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বা পায়ের শটে ব্যবধান ৩-০ করেন। ইন্টার মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ৮৬তম গোল।

৩৯ মিনিটে অরল্যান্ডোর মার্তিন ওজেদা এক গোল শোধ করলে নাটকের শুরু হয়। ৬৮ মিনিটে ওজেদা নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচে ৩-৩ সমতা ফেরান এই আর্জেন্টাইন। ইনজুরি টাইমে টাইরেস স্পাইসার জয়সূচক গোলটি করলে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।

এমএলএসের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা যেখানে ৩-০ গোলে পিছিয়ে থেকেও কোনো দল ম্যাচ জিতল। এর আগে ২০১৭ সালে সিয়াটল সাউন্ডার্স এবং ২০১৮ সালে এলএ গ্যালাক্সি এই কীর্তি গড়েছিল। অথচ এই ম্যাচের আগে গত ১৫ ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল অরল্যান্ডো।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ন্যাশভিল এসসি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অরল্যান্ডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *